মহাবিশ্বের অন্য কোনো প্রান্তে উন্নত সভ্যতা রয়েছে কি না, তা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব অনুসন্ধানে দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়ে আসছেন বিজ্ঞানীরা। সেই অনুসন্ধানের অংশ হিসেবে সম্প্রতি একটি রহস্যময় রেডিও সংকেত শনাক্ত করা হয়েছে। চীনের বিশাল রেডিও টেলিস্কোপ FAST-এর পুরোনো তথ্য নতুন সফটওয়্যারের সাহায্যে বিশ্লেষণ করার সময় সংকেতটি শনাক্ত হয় বলে জানিয়েছেন গবেষকেরা।
বিজ্ঞানীদের তথ্যমতে, পৃথিবী থেকে প্রায় ২৩৮ আলোকবর্ষ দূরে অবস্থিত K2-155 নক্ষত্র সিস্টেম পর্যবেক্ষণের সময় এই সংকেতের সন্ধান পাওয়া যায়। ওই নক্ষত্র সিস্টেমে তিনটি সুপার-আর্থ রয়েছে। এর মধ্যে একটি গ্রহ নক্ষত্রটির বাসযোগ্য অঞ্চলের কাছাকাছি অবস্থান করছে। দ্য অ্যাস্ট্রোনমিক্যাল জার্নাল-এ প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, প্রাকৃতিক মহাজাগতিক প্রক্রিয়ায় এ ধরনের সংকেত তুলনামূলকভাবে কম তৈরি হয়। অন্যদিকে, কৃত্রিম ট্রান্সমিটার সাধারণত নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে সংকেত পাঠায়। এ কারণে এমন সংকেত ভিনগ্রহের প্রযুক্তির সন্ধানে গবেষকদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
সংকেতটি K2-155 নক্ষত্রের দিকে লক্ষ্য করা টেলিস্কোপের নির্দিষ্ট একটি রিসিভার বিমে ধরা পড়ে। তবে বাকি ১৮টি বিমে সংকেতটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। পর্যবেক্ষণের সময় সংকেতটির ফ্রিকোয়েন্সিও নিয়মিতভাবে পরিবর্তিত হয়েছে। এসব বৈশিষ্ট্য গবেষকদের আগ্রহ বাড়ালেও সংকেতটির উৎস সম্পর্কে এখনো নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
বিজ্ঞানীদের মতে, অস্বাভাবিক কোনো সংকেত শনাক্ত করা এবং সেটির প্রকৃত উৎস নিশ্চিত করা দুটি ভিন্ন বিষয়। নতুন সফটওয়্যার অনুসন্ধানের উপযোগী সংকেতগুলো চিহ্নিত করতে পারে, কিন্তু সংকেতটি কী কারণে তৈরি হয়েছে, তা শুধু সফটওয়্যারের মাধ্যমে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায় না। তাই এর উৎস যাচাই করতে আরও পর্যবেক্ষণ ও বিশ্লেষণ প্রয়োজন।
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত FAST বিশ্বের বৃহত্তম একক-ডিশ রেডিও টেলিস্কোপ। এর প্রতিফলক ডিস্ক প্রায় ১ হাজার ৬৪০ ফুট চওড়া, যা প্রায় ৩০টি ফুটবল মাঠের সমান। বিশাল এই পৃষ্ঠের কারণে টেলিস্কোপটি মহাকাশ থেকে আসা অত্যন্ত দুর্বল রেডিও তরঙ্গও সংগ্রহ করতে পারে। পুরোনো পর্যবেক্ষণ তথ্য নতুন প্রযুক্তির সাহায্যে বিশ্লেষণের মাধ্যমে এমন সংকেত শনাক্ত হওয়া মহাকাশ গবেষণায় নতুন সম্ভাবনার দিক তুলে ধরছে।
K2-155 নক্ষত্র সিস্টেমের গ্রহগুলোর মধ্যে একটি বাসযোগ্য অঞ্চলের কাছাকাছি থাকায় সেখানে তরল পানি থাকার উপযোগী পরিবেশ থাকতে পারে বলে ধারণা করা হয়। তবে বাসযোগ্য অঞ্চলে অবস্থান করলেই কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব নিশ্চিত হয় না। রহস্যময় রেডিও সংকেতটির উৎস ও প্রকৃতি নির্ধারণ করতে আরও গবেষণা প্রয়োজন। তবু এই অনুসন্ধান মহাবিশ্বে বুদ্ধিমান প্রাণের অস্তিত্ব এবং সম্ভাব্য মহাজাগতিক যোগাযোগ সম্পর্কে বিজ্ঞানীদের জানার প্রচেষ্টায় নতুন একটি সূত্র যোগ করেছে।
মন্তব্য করুন