অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ এএম
অনলাইন সংস্করণ

কনুই’ নিয়ে আলোচনা, মরিনিওর চোখে ‘অদ্ভুত’

রিয়ালের জয়ের চেয়ে গুলেরের ‘কনুই’ নিয়ে আলোচনা, মরিনিওর চোখে ‘অদ্ভুত’

সেভিয়াকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দলের জয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধানও কমিয়েছে দলটি। তবে ম্যাচ শেষে রিয়ালের দাপুটে জয় কিংবা এমবাপ্পের গোলের চেয়ে বেশি আলোচনায় এসেছে আর্দা গুলেরের বিরুদ্ধে কনুই দিয়ে আঘাত করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে কি না, তা নিয়েই প্রশ্ন তুলেছেন রিয়াল কোচ জোসে মরিনিও।

রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে সেভিয়াকে হারানোর মধ্য দিয়ে আন্তর্জাতিক বিরতির পর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে মরিনিওর দল। ২১ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠেছে রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে এক পয়েন্ট এবং শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে তারা। ১৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে সেভিয়া।

আগামী সপ্তাহে বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোর আগে এই জয় রিয়ালের আত্মবিশ্বাস বাড়ানোর কথা। কিন্তু ম্যাচের একটি বিতর্কিত ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন সেভিয়া কোচ লুইস গার্সিয়া প্লাসা। তাঁর দাবি, প্রথমার্ধেই লাল কার্ড দেখা উচিত ছিল গুলেরের। তা হলে ম্যাচের বাকি সময় একজন বেশি নিয়ে খেলার সুযোগ পেত সেভিয়া।

গুলেরের বিরুদ্ধে কনুই দিয়ে আঘাতের অভিযোগ

ঘটনাটি ঘটে প্রথমার্ধে, যখন ম্যাচে কোনো দলই গোল করতে পারেনি। সেভিয়ার জেরার্দ ‘পিকে’ ফার্নান্দেজের সঙ্গে সংঘর্ষে জড়ান রিয়ালের তুর্কি মিডফিল্ডার আর্দা গুলের। সেভিয়া কোচের অভিযোগ, এ সময় প্রতিপক্ষের খেলোয়াড়কে কনুই দিয়ে আঘাত করেন গুলের। তবে রেফারি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেননি, লাল কার্ডও দেখাননি।

ম্যাচ শেষে এ সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন গার্সিয়া প্লাসা। তাঁর মতে, রেফারি সঠিক সিদ্ধান্ত নিলে ম্যাচের প্রায় ৬৫ মিনিট সেভিয়া ১০ জনের রিয়ালের বিপক্ষে ১১ জন নিয়ে খেলার সুযোগ পেত।

সেভিয়া কোচ বলেন, ‘আজ ২৫ মিনিট থেকেই আমাদের একজন বেশি নিয়ে খেলার কথা ছিল। ১১ জনের বিপক্ষে ১০ জন। এরপর ম্যাচে কী হয়েছে, তা নিয়ে আমি কথা বলতে চাই না। এটা অবিশ্বাস্য।’

ঘটনার প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমি নিজে ঘটনাটা দেখেছি। বিরতিতে পিকে আমাকে বলছিল, ও (গুলের) আমাকে মেরেছে। এটা পরিষ্কার লাল কার্ড।’

গার্সিয়া প্লাসা স্বীকার করেন, একজন বেশি নিয়ে খেললেও সেভিয়া জিতত কি না, তা নিশ্চিত করে বলা যায় না। তবে তাঁর মতে, দীর্ঘ সময় একজন বেশি নিয়ে খেলার সুযোগ পেলে ম্যাচের পরিস্থিতি ভিন্ন হতে পারত।

অভিযোগের পক্ষে ফুটেজ পাননি মরিনিও

গুলেরের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছেন রিয়াল কোচ জোসে মরিনিও। তাঁর দাবি, টেলিভিশনের ফুটেজ এবং নিজেদের কোচিং স্টাফের ধারণ করা ভিডিও দেখেও অভিযোগের পক্ষে কোনো পরিষ্কার প্রমাণ পাননি তিনি।

সংবাদ সম্মেলনে মরিনিও বলেন, ‘যে ঘটনাটি ঘটেছে বলে দাবি করা হচ্ছে, সেটির কোনো ছবি আমাকে কেউ দেখাতে পারেনি। কোনো ফুটেজ নেই। আমি টেলিভিশনের ফুটেজ চেয়েছি। আমাদের কোচিং স্টাফের ট্যাকটিক্যাল ক্যামেরায় ধারণ করা ফুটেজও দেখতে চেয়েছি। কিন্তু লুইসকে (গার্সিয়া প্লাসা) যে ঘটনাটি এত ক্ষুব্ধ করেছে, তার কোনো ছবিই দেখতে পাইনি।’

রিয়াল কোচের বক্তব্য, তাঁর দল কোনো ম্যাচে রেফারির সিদ্ধান্তের কারণে অন্যায় সুবিধা পেলে তা স্বীকার করতে তাঁর আপত্তি নেই। তবে তিনি মনে করেন, রিয়ালের বিপক্ষেই বরং বেশি ভুল সিদ্ধান্ত যাওয়ার প্রবণতা রয়েছে।

মরিনিও বলেন, ‘সত্যি বলতে, কোনো দিন যদি এমন কিছু ঘটে, যাতে আমরা সুবিধা পাই, সেটি স্বীকার করতে আমার কোনো সমস্যা নেই। তবে আমার মনে হয়, উল্টো ঘটনাই অনেক বেশি ঘটবে। প্রবণতাটা সে রকমই।’

তিনি আরও বলেন, ‘আমি কিছুই দেখিনি। শনিবারের মধ্যে কেউ যদি আমাকে এমন কোনো পরিষ্কার ও নিরপেক্ষ ছবি দেখাতে পারে, যা আমি এখনো দেখিনি এবং যে ঘটনা ঘটেনি বলে আমার খেলোয়াড় দাবি করছে, তাহলে আমি সেটি নিয়ে কথা বলব। তার আগে নয়।’

বিতর্ক নিয়ে প্রশ্নে বিরক্ত মরিনিও

গুলেরের বিরুদ্ধে অভিযোগ নিয়ে বারবার প্রশ্ন করায় কিছুটা বিরক্তিও প্রকাশ করেছেন মরিনিও। তাঁর মতে, ৪-১ গোলে হারের পর এমন একটি ঘটনা নিয়ে আলোচনা সেভিয়া কোচের জন্য সুবিধাজনক হতে পারে।

মরিনিও বলেন, ‘আমি লুইসকে বুঝতে পারছি। তাঁর দল ৪-১ গোলে হেরেছে। এমন অবস্থায় কোচকে যদি এমন একটি ঘটনা নিয়ে চার-পাঁচটি প্রশ্ন করা হয়, যেটি ঘটেইনি, তাহলে তো তাঁর জন্য দারুণ ব্যাপার!’

ঘটনার সময়ই সহকারী কোচ পেদ্রো মাচাদোকে ফুটেজ দেখানোর কথা বলেছিলেন বলে জানান মরিনিও। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রমাণ তাঁর চোখে পড়েনি।

তিনি বলেন, ‘হয়তো অন্য কোনো ক্যামেরায় কিছু আছে। কিন্তু এখন পর্যন্ত কিছুই দেখিনি।’

সাংবাদিকদের উদ্দেশে পাল্টা প্রশ্নও করেন রিয়াল কোচ। তাঁর ভাষায়, ‘আপনাদের কেউ কি ঘটনাটি পরিষ্কারভাবে দেখেছেন? তাহলে বুঝতে পারছেন, এ নিয়ে এত প্রশ্ন করার এই আবেশটা আমার কাছে কেন অদ্ভুত লাগছে।’

রিয়ালের জয়, এমবাপ্পের জোড়া গোল এবং আসন্ন এল ক্লাসিকোর প্রস্তুতির আলোচনা ছাপিয়ে এখন ম্যাচটির অন্যতম আলোচিত বিষয় গুলেরের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ। তবে অভিযোগের সত্যতা নিয়ে সেভিয়া কোচ ও মরিনিওর বক্তব্যে স্পষ্ট মতপার্থক্য রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণ তুলে আর্জেন্টিনার পতাকা উড়ালেন সুমন

1

মানসিক চাপ বাড়ায় নিখুঁত হওয়ার অতিরিক্ত প্রচেষ্টা

2

দুর্নীতির মামলার পাহাড়, বছরের পর বছরেও মিলছে না নিষ্পত্তি

3

সরকার নয়, যুদ্ধের কারণে জ্বালানি-গ্যাস সংকট: রিজভী

4

উত্তর আমেরিকায় ইতিহাস গড়ল বনলতা এক্সপ্রেস

5

পেনশন স্কিমে নতুন দিকনির্দেশনা দিলেন অর্থমন্ত্রী

6

দক্ষিণ সিরিয়ায় ইসরাইলি গোলন্দাজ বাহিনীর হামলা

7

আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর

8

দক্ষিণ আফ্রিকায় হাঙরের আক্রমণে নারীর মৃ/ত্যু

9

সকালের যে ৬ অভ্যাসে নিঃশব্দে ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার লিভার

10

কেন হঠাৎ ইরানের সঙ্গে সমঝোতায় বাধ্য হলেন ট্রাম্প

11

তরমুজের খোসা-বীজেও মিলবে উপকার

12

ওয়াদা ভঙ্গের পরিণতি ভালো হয়নি: নাহিদ ইসলাম

13

জিরা-আদা পানি: ওজন কমানোর ঘরোয়া উপায়

14

‘আমাকে অনেক ভুগতে হয়েছে,’ মেসির বিদায়ের পর মদরিচের স্বীকারোক

15

ছয় দফা দিবস: বাঙালির মুক্তির সনদ গঠনের ঐতিহাসিক দিন

16

অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে ১০ শতাংশ দিয়েন: আসিফ মাহমু

17

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ ঘিরে স্পিন ও পেস নিয়ে নতুন পর

18

স্পেনে বৈধতার সুযোগ পাচ্ছেন ৫ লাখ অভিবাসী

19

মেসির উচ্ছ্বসিত প্রশংসা করলেন স্পেনের অধিনায়ক রদ্রি

20