গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড কারখানার ঝুটের গুদামে আগুন লেগেছে। শ্রমিক বিক্ষোভের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে বাধার মুখে পড়ে ফায়ার সার্ভিস। পরে বিজিবির পাহারায় বিকল্প পথে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় বাহিনীর দুটি ইউনিট।
রোববার (১ নভেম্বর) দুপুরে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। তবে মহাসড়কে শ্রমিক বিক্ষোভের কারণে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে প্রথম দফায় ঘটনাস্থলে পৌঁছাতে না পেরে ফিরে আসে ফায়ার সার্ভিসের ইউনিট দুটি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তারেকুল ইসলাম রোববার দুপুরে এসব তথ্য জানান।
তারেকুল ইসলাম বলেন, চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড কারখানার ঝুটের গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।
কিন্তু শ্রমিক বিক্ষোভের কারণে সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে দীর্ঘ যানজট তৈরি হয় এবং ইউনিট দুটি ঘটনাস্থলে পৌঁছাতে না পেরে ফিরে আসে।
পরে বিজিবির পাহারায় মহাসড়কের বিকল্প পথ দিয়ে আবারও ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন