ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় দেশের অন্যতম বৃহৎ জিন্স রপ্তানিকারক প্রতিষ্ঠান প্যাসিফিক গ্রুপের প্রথম কারখানা প্যাসিফিক জিন্স লিমিটেডের উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হচ্ছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বিশেষজ্ঞদের পরামর্শে ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (৩১ অক্টোবর) কারখানা সূত্রে এ তথ্য জানা গেছে।
প্যাসিফিক জিন্সে কর্মরত এক কর্মকর্তা জানান, পুরোনো ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হওয়ার পর কর্তৃপক্ষ একাধিকবার পরীক্ষা করিয়েছে। পরে বুয়েট ও চুয়েটের বিশেষজ্ঞরা ভবনটি ভেঙে ফেলার পরামর্শ দেন।
তিনি বলেন, সামগ্রিক ঝুঁকি বৃদ্ধি এবং জানমালের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছে। এ কারণেই কারখানার কার্যক্রম বন্ধ করতে হচ্ছে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা সূত্র জানিয়েছে, কারখানায় কর্মরত সব শ্রমিক-কর্মচারীর পাওনা পরিশোধ করেই কার্যক্রম বন্ধ করা হবে। এ জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।
এর আগে শ্রমিক অসন্তোষ ও গ্যাস সংকটের কারণে প্যাসিফিক গ্রুপের বিভিন্ন কারখানার কার্যক্রম একাধিকবার সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল। তবে এবার প্যাসিফিক জিন্স লিমিটেডের কারখানাটি ভবন ভেঙে পুনর্নির্মাণ না করা পর্যন্ত স্থায়ীভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্যাসিফিক জিন্স লিমিটেড প্যাসিফিক গ্রুপের প্রথম প্রতিষ্ঠান। এম নাছির উদ্দিনের হাত ধরে ১৯৯৪ সালে কারখানাটি প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি দেশের জিন্স পোশাক রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
মন্তব্য করুন