পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা সহজ ও নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ে অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু করেছে। বুধবার সকাল থেকে অনলাইনে ঈদযাত্রার টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়। যাত্রীদের নিরাপদে টিকিট সংগ্রহ নিশ্চিত করতে রেল কর্তৃপক্ষ শুধুমাত্র সরকারি নির্ধারিত ‘রেল সেবা’ অ্যাপ ব্যবহার করার আহ্বান জানিয়েছে।
রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু প্রতারক চক্র ট্রেনের টিকিট নিশ্চিত করার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। তারা বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে টাকা নিয়ে পরে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ ধরনের প্রতারণা থেকে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ঈদযাত্রার শতভাগ ট্রেন টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে এবং বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত ‘রেল সেবা’ অ্যাপ ছাড়া অন্য কোনো মাধ্যমে টিকিট বিক্রির অনুমতি নেই। তাই অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা অনলাইন পেজ থেকে টিকিট কিনলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি রয়েছে।
রেলওয়ের নিয়ম অনুসারে, একটি নিবন্ধিত আইডি ব্যবহার করে একক যাত্রায় সর্বোচ্চ চারটি টিকিট কেনা যায়। এছাড়া টিকিট বুকিংয়ের সময় সহযাত্রীদের নামও সিস্টেমে যুক্ত করতে হয়। ভ্রমণের সময় টিকিটধারী ব্যক্তিকে সংশ্লিষ্ট মোবাইল নম্বর ও ছবি সংবলিত পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।
রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, টিকিটে উল্লিখিত যাত্রী ছাড়া অন্য কেউ ওই টিকিট ব্যবহার করলে তা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। কোনো ব্যক্তি যদি অন্যের আইডি ব্যবহার করে টিকিট বিক্রির চেষ্টা করে বা টিকিট সংগ্রহের নামে প্রতারণা করে, তাহলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার অনুরোধ জানানো হয়েছে।
এ ধরনের অভিযোগ জানাতে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), রেলওয়ে পুলিশ (জিআরপি) অথবা রেলওয়ের হটলাইন ১৩১ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
ঈদযাত্রার টিকিট বিক্রির সূচি অনুযায়ী, ১৩ মে বিক্রি হচ্ছে ২৩ মে’র যাত্রার টিকিট। ১৪ মে বিক্রি হবে ২৪ মে’র, ১৫ মে ২৫ মে’র, ১৬ মে ২৬ মে’র এবং ১৭ মে ২৭ মে’র যাত্রার টিকিট। ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি সকাল ৮টা থেকে শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। ঈদকে কেন্দ্র করে টিকিট সংগ্রহে যাত্রীদের চাপ বাড়লেও অনলাইন ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করার চেষ্টা করছে বাংলাদেশ রেলওয়ে।
মন্তব্য করুন