মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ২৭ রানের লিড নিয়েছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়েছে স্বাগতিকরা। এর মধ্যেই এসেছে আরও একটি দুঃসংবাদ। ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পেয়ে ম্যাচের বাকি অংশ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক।
মুমিনুলের কনকাশন বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে উইকেটকিপার-ব্যাটার জাকের আলীকে। বর্তমানে মেহেদী হাসান মিরাজের সঙ্গে ব্যাটিং করছেন জাকের।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৭৮তম ওভারে ফিল্ডিং করার সময় মাথায় আঘাত পান মুমিনুল। এরপর তাঁর মধ্যে কনকাশন বা মস্তিষ্কে আঘাতজনিত সমস্যার লক্ষণ দেখা দেয়।
মিরপুর টেস্টের বাকি অংশে মুমিনুলের না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম। তিনি জানান, চিকিৎসা পর্যবেক্ষণের পর তাঁর বদলি হিসেবে জাকের আলীকে দলে নেওয়া হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট হাতে ৫১ বলে ২৮ রান করেন মুমিনুল। তাঁর ইনিংসে ছিল দুটি চার।
তবে দ্বিতীয় ইনিংসে দলের ব্যাটিং বিপর্যয়ের সময় অভিজ্ঞ এই ব্যাটারকে আর পাচ্ছে না বাংলাদেশ। তাঁর অনুপস্থিতিতে জাকের আলীর ওপর বাড়তি দায়িত্ব থাকবে।
প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেলেও দ্বিতীয় ইনিংসে দ্রুত পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। ক্রিজে থাকা মেহেদী হাসান মিরাজ ও জাকের আলীর ওপর এখন ইনিংস সামাল দেওয়ার দায়িত্ব।
মন্তব্য করুন