অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কঠোর সমালোচনা করেছেন বীর মুক্তিযোদ্ধা ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। তাঁর অভিযোগ, ড. ইউনূস তিন-চারটি প্রজন্ম নষ্ট করে দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে তাঁকে এমন মন্তব্য করতে শোনা গেছে।
ভিডিওতে ফজলুর রহমান বলেন, একসময় তাঁরা ড. মুহাম্মদ ইউনূসকে বাংলার মহান সন্তান হিসেবে বিবেচনা করতেন। কিন্তু পরে তাঁর ভূমিকা নিয়ে হতাশা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
ফজলুর রহমানের অভিযোগ, যাঁকে তাঁরা বাংলার মহান সন্তান মনে করেছিলেন, তিনিই সবকিছুর সর্বনাশ করে দিয়েছেন।
ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়কার ভূমিকা ও এর প্রভাব নিয়ে সমালোচনা করতে গিয়ে ফজলুর রহমান বলেন, ‘একটা ছেলেকেও কেউ বিশ্বাস করে না। মানুষ থুথু দেয়, ঘৃণা করে। এমন ঘৃণা করে, এটা অকল্পনীয়।’
তিনি আরও বলেন, পুলিশ ছাড়া কোথাও গেলে তাঁরা গণপিটুনির শিকার হতে পারেন। তাঁর ভাষায়, ‘কুকুরের সঙ্গে রাস্তায় পড়ে থাকবেন। কেউ তাঁদের টেনেও তুলবে না।’
ফজলুর রহমানের এসব বক্তব্যে ড. মুহাম্মদ ইউনূস ও তাঁর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে সংসদ সদস্যের তীব্র অসন্তোষ প্রকাশ পেয়েছে।
মন্তব্য করুন