রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের ঘটনা ঘটেছে। গুরুতর আহত ওই পুলিশ সদস্যের নাম সায়মন। বর্তমানে তিনি রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশন থেকে প্রায় ২০০ মিটার দূরে কালশী সড়কে একটি বেসরকারি সুপারশপের সামনে এ ঘটনা ঘটে। হামলার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন আন্দোলনকারী পুলিশ সদস্য সায়মনকে ঘিরে ধরে লাঠিসোঁটা দিয়ে মারধর করছেন। কেউ তাঁকে লাঠি দিয়ে আঘাত করছেন, আবার কেউ লাথি মারছেন। তবে ভিডিওতে কয়েকজনকে হামলাকারীদের থামানোর চেষ্টাও করতে দেখা যায়।
মারধরের ঘটনা নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন। তিনি জানান, আহত পুলিশ সদস্য বর্তমানে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে মঙ্গলবারও মিরপুরে আন্দোলন করেন শ্রমিকেরা। সকাল সাড়ে ৯টার কিছু আগে মিরপুর-১১ ও পল্লবী এলাকায় তাঁরা সড়কে নেমে আসেন।
এ সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান। এ নিয়ে কয়েক দফা বাক্বিতণ্ডার পর শ্রমিকেরা যান চলাচল বন্ধ করে দেন এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। পরে শ্রমিকেরা বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়ে সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
জবাবে পুলিশ টিয়ারশেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরে ওই এলাকায় যান চলাচল আবার শুরু হয়। দুপুরের পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসে।
শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনাটি ঘটল।
মন্তব্য করুন