বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সৌরির মৃত্যুতে করা হত্যা মামলায় গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপকে ফের তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এ আদেশ দেন। এর আগে চার দিনের রিমান্ড শেষে এদিন তাঁকে আদালতে হাজির করে পুলিশ। পরে নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর তাহসিফের মৃত্যুতে করা হত্যা মামলায় দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। সেই মেয়াদ শেষ হলে মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করা হয়।
মামলার তদন্তের স্বার্থে তাঁকে আরও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। তবে আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
মামলার নথি ও এজাহার অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার পর জুনিয়র বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হন তাহসিফ। রাত গভীর হলেও তিনি ফিরে না আসায় তাঁর মা ফোনে যোগাযোগ করেন। তখন তাহসিফ কিছুক্ষণের মধ্যে বাসায় ফেরার কথা জানান।
এজাহারে আরও বলা হয়েছে, রাত ১টা ৩৫ মিনিটে তাহসিফের ফোন থেকে মেসেঞ্জারের মাধ্যমে তাঁর মায়ের ফোনে একটি ভয়েস মেসেজ পাঠানো হয়। সেখানে বলা হয়, ‘রওনা দিয়েছি, আসছি।’ কিন্তু এরপরও তিনি বাসায় ফেরেননি।
পরদিন ২৮ অক্টোবর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে উত্তরখানের রাজারবাড়ী ঘাট এলাকায় তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।
তাঁর বাবা কে এম এনায়েতুল করিমের ভাষ্য অনুযায়ী, পুলিশ ফোন করে তাঁকে মরদেহ উদ্ধারের খবর জানায়। পরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্তের প্রাথমিক কার্যক্রম শেষে ২৯ অক্টোবর দুপুরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। ওই দিন বিকেলে উত্তরার ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তাহসিফের মৃত্যুর ঘটনায় ৩০ অক্টোবর রাতে উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন তাঁর বাবা কে এম এনায়েতুল করিম।
পরে মামলাটিতে আহমেদ শাহরিয়ার রেজা দীপকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখায় পুলিশ। মামলার তদন্তে তাঁর সংশ্লিষ্টতা এবং তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন