প্রিয় তারকাকে একবার কাছ থেকে দেখার বা তাঁর সঙ্গে কথা বলার ইচ্ছা থাকে অনেক ভক্তেরই। বলিউড বাদশাহ শাহরুখ খানের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। প্রিয় অভিনেতার ফোন নম্বর জানতে অনলাইনে খোঁজ করেন অনেক অনুরাগী। তাঁদের সেই কৌতূহল নিয়ে ২০১৭ সালের এক সাক্ষাৎকারে মজার উত্তর দিয়েছিলেন শাহরুখ নিজেই।
নিউজ এইট্টিনের প্রতিবেদন অনুযায়ী, গুগলে তাঁকে নিয়ে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো করা হয়, সেগুলোর উত্তর নিজেই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেতা। সেই প্রশ্নোত্তর পর্বে উঠে আসে তাঁর ফোন নম্বর জানার বিষয়টিও।
ফোন নম্বরের প্রশ্নের জবাবে রসিকতা করে শাহরুখ বলেন, “আমার ফোন নম্বর ৫৫৫৯৯৬০৩২১। মাঝরাতের পর যখন খুশি ফোন করবেন। আমি ফোন ধরব। অথবা আমাকে মেসেজ করতে পারেন। আমি ইমোজি দিয়ে উত্তর দেব।”
অভিনেতার এমন মজার উত্তর ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছিল। তবে তিনি যে নম্বরটি বলেছিলেন, সেটি তাঁর ব্যক্তিগত ফোন নম্বর নয়। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমেও বিষয়টি উল্লেখ করা হয়েছে।
সিনেমায় দীর্ঘ ৩৩ বছরের পথচলায় সাফল্যের পাশাপাশি ব্যর্থতার মুখেও পড়েছেন শাহরুখ। একসময় পরপর কয়েকটি সিনেমা প্রত্যাশা পূরণ করতে না পারায় বড় পর্দা থেকে বিরতি নিয়েছিলেন তিনি।
তবে ২০২৩ সালে ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমার সাফল্যের মধ্য দিয়ে আবারও বক্স অফিসে নিজের অবস্থান জানান দেন এই অভিনেতা। একই বছর মুক্তি পাওয়া ‘ডানকি’ বাণিজ্যিকভাবে প্রত্যাশিত সাফল্য না পেলেও সমালোচকদের কাছ থেকে প্রশংসা পায়।
‘ডানকি’র পর বড় পর্দায় নতুন সিনেমা নিয়ে আসেননি শাহরুখ খান। তবে চলতি বছরের শেষ দিকে মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে তাঁর নতুন সিনেমা ‘কিং’ মুক্তির কথা রয়েছে।
বাবা-মেয়ের এই সিনেমা ঘিরে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। নতুন ছবিতে শাহরুখকে দেখার অপেক্ষায় রয়েছেন তাঁর অনুরাগীরা।
মন্তব্য করুন