আগামী চার দিন সারা দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকার খবরকে ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের গুজবে কান না দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (৩ নভেম্বর) এক বার্তায় পেট্রোবাংলা জানায়, কিছু সংবাদমাধ্যমের ফটোকার্ড তৈরি করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকার গুজব ছড়াচ্ছে। এর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।
পেট্রোবাংলা জানিয়েছে, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের একটি—সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজ চলছে।
এ কারণে আগামী চার দিন টার্মিনালটির গ্যাস পুনরায় গ্যাসে রূপান্তর করে সরবরাহের (রিগ্যাসিফিকেশন) কার্যক্রম বন্ধ থাকবে। তবে এর অর্থ সারা দেশে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়া নয়।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে দৈনিক গ্যাস সরবরাহ প্রায় ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট। সামিট এলএনজি টার্মিনালের কার্যক্রম বন্ধ থাকায় আগামী চার দিন সরবরাহ কমে দৈনিক ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে।
অর্থাৎ, এ সময়ে দৈনিক গ্যাস সরবরাহ প্রায় ৩২০ মিলিয়ন ঘনফুট কমতে পারে।
পেট্রোবাংলা জানিয়েছে, সরবরাহ কমে গেলেও গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হবে না। তবে গ্যাসের পরিমাণ কমে যাওয়ায় কোনো কোনো এলাকায় সাময়িকভাবে স্বল্প চাপের পরিস্থিতি তৈরি হতে পারে।
এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দিতে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
মন্তব্য করুন