বিমান হামলার সতর্কবার্তা দেওয়ার একটি মোবাইল অ্যাপে হঠাৎ রাশিয়ার নাগরিকদের ফোনে ভেসে ওঠে পারমাণবিক হামলার বার্তা। এতে দাবি করা হয়, ইউক্রেনের হামলাকারী ড্রোন থেকে পারমাণবিক ওয়ারহেড রাশিয়ার সব অঞ্চলের দিকে ছোড়া হয়েছে। পাশাপাশি বাসিন্দাদের তিন সপ্তাহের খাবার মজুত করে আত্মগোপনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
তবে এটি ছিল একটি ভুয়া সতর্কবার্তা, যা হ্যাকিংয়ের মাধ্যমে ছড়ানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বিমান হামলার সতর্কবার্তা দেওয়ার একটি অ্যাপে অস্বাভাবিক এই বার্তা দেখা যায়। এতে দেশটির সব অঞ্চলে পারমাণবিক হামলার ঝুঁকি তৈরি হয়েছে বলে দাবি করা হয়।
বার্তায় নাগরিকদের তিন সপ্তাহের খাবার মজুত করে নিরাপদ স্থানে আত্মগোপনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, বার্তাটি ভুয়া এবং এর সঙ্গে দেশের প্রকৃত নিরাপত্তা পরিস্থিতির কোনো সম্পর্ক নেই।
রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির জনসাধারণকে সতর্ক করার ব্যবস্থা স্বাভাবিকভাবে কাজ করছে। সাইরেন, মাইক, খুদে বার্তা (এসএমএস) এবং টেলিভিশন ও রেডিওর মাধ্যমে নাগরিকদের সতর্কবার্তা দেওয়া হচ্ছে।
মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, মোবাইল অ্যাপটি জাতীয় সতর্কব্যবস্থার বিকল্প নয়; এটি কেবল অতিরিক্ত তথ্যসেবা হিসেবে ব্যবহৃত হয়।
মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম চ্যানেলে জানায়, মোবাইল অ্যাপ হ্যাক হওয়ার ঘটনায় জনসাধারণকে সতর্ক করার ব্যবস্থার কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি।
অ্যাপটির স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে বিশেষজ্ঞরা কাজ করছেন। পরিস্থিতি তাঁদের নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানানো হয়েছে।
মন্তব্য করুন