জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন ক্রীড়া সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’ আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ক্রীড়া খাতের উন্নয়ন, অনিয়ম ও ত্রুটি চিহ্নিত করা এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্য নিয়ে কাজ করবে সংগঠনটি।
নতুন এই অ্যালায়েন্সের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রীড়া সংগঠক ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। সদস্যসচিব করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও অর্থ কমিটির সাবেক চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে।
সোমবার (২ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। এতে সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদেরও যুক্ত করা হচ্ছে। পর্যায়ক্রমে সংগঠনের পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
এম নাজমুল ইসলাম জানান, এনসিপির ক্রীড়া উইং হিসেবে তাঁরা কাজ শুরু করছেন। ক্রিকেটের পাশাপাশি দেশের সব ধরনের খেলাধুলার উন্নয়ন নিয়েই কাজ করবে সংগঠনটি।
তিনি বলেন, ক্রীড়াঙ্গনের বিভিন্ন সমস্যা, অনিয়ম ও ভুলত্রুটি চিহ্নিত করে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের পরামর্শ দেওয়া হবে। প্রয়োজনে তাঁদের সঙ্গে সংলাপেও বসবেন সংগঠনের নেতারা।
এম নাজমুল ইসলাম আরও জানান, ভবিষ্যতে তহবিলের ব্যবস্থা হলে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স নিজ উদ্যোগেও ক্রীড়ার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।
সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের সম্পৃক্ত করে পর্যায়ক্রমে সংগঠনটির কার্যক্রম বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
মন্তব্য করুন