মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও ভৌগোলিক সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো উদ্যোগ গ্রহণের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে শফিকুর রহমান বলেন, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও ভৌগোলিক সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো উদ্যোগ বা সিদ্ধান্ত মেনে নেওয়ার সুযোগ নেই। জনগণও এমন সিদ্ধান্ত মেনে নেবে না বলে মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে কী হচ্ছে, তা জনগণের সামনে স্পষ্ট করার আহ্বান জানান জামায়াত আমির।
তিনি আরও বলেন, অতীতেও বাংলাদেশের স্বার্থের কথা বলে ট্রানজিট ও করিডোরসহ বিভিন্ন নামে সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। তবে তাঁর দাবি, এসব উদ্যোগ থেকে বাংলাদেশ কার্যত কোনো সুফল পায়নি।
শফিকুর রহমান বলেন, জাপান, চীন কিংবা অন্য কোনো বন্ধুরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।
তাঁর মতে, বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তা সুরক্ষার দায়িত্ব সরকারের। এ ক্ষেত্রে সরকারের কোনো ব্যর্থতা কিংবা আপসকামিতা জনগণ দেখতে চায় না।
মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নিয়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জাতীয় স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
মন্তব্য করুন