পাকিস্তানের সিন্ধু প্রদেশের থরপারকার জেলার একটি হাসপাতালে অ্যাম্বুলেন্সের ভেতরে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন আরও পাঁচজন। আহত ব্যক্তিদের মধ্যে হাসপাতালের কর্মীরাও রয়েছেন।
পুলিশ ও উদ্ধারকর্মীদের বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
উদ্ধারকর্মীরা জানান, থরপারকারের নাগরপারকার উপজেলার দানো ধান্ধাল এলাকায় পিপলস প্রাইমারি হেলথকেয়ার ইনিশিয়েটিভের (পিপিএইচআই) পরিচালিত একটি হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল থেকে রোগীদের অন্যত্র নেওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় অ্যাম্বুলেন্সের ভেতরে অক্সিজেন সিলিন্ডার সংযোগ দেওয়ার সময় সেটিতে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই অ্যাম্বুলেন্সে আগুন ছড়িয়ে পড়ে।
আগুনে পুড়ে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। গুরুতর দগ্ধ পাঁচজনকে চিকিৎসার জন্য মিঠি শহরে পাঠানো হয়েছে।
উদ্ধারকর্মীরা নিহত সাতজনের মধ্যে তিনজনের পরিচয় শনাক্ত করেছেন। তাঁরা হলেন জাসওয়ান্ত, অ্যাম্বুলেন্সচালক ইসহাক থেবো ও পান্ধি রাজর।
বাকি চারজনের মরদেহ আগুনে মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাঁদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহত ও আহত ব্যক্তিদের মধ্যে রোগী এবং হাসপাতালের কর্মীরা রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
থরপারকারে পিপিএইচআই পরিচালিত হাসপাতালগুলোতে পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, হাসপাতালগুলোর সীমিত অবকাঠামো ও চিকিৎসাসুবিধা এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে থাকতে পারে।
তবে হাসপাতালের সুযোগ-সুবিধার ঘাটতির সঙ্গে এই দুর্ঘটনার সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হয়নি।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এবং দুর্ঘটনার পেছনে অন্য কোনো বিষয় ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন