ভারতের পশ্চিমবঙ্গ–এ রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করা চন্দ্রনাথ রথ হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা। রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে উত্তরপ্রদেশ থেকে তাদের আটক করা হয়। বর্তমানে অভিযুক্তদের কলকাতায় আনার প্রক্রিয়া চলছে।
গত ৬ মে রাতে মধ্যমগ্রাম এলাকায় গুলি করে হত্যা করা হয় চন্দ্রনাথ রথকে, যিনি বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী–এর ঘনিষ্ঠ সহকারী হিসেবে পরিচিত ছিলেন। হামলার সময় দুইটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা চন্দ্রনাথ ও তার গাড়িচালককে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই চন্দ্রনাথের মৃত্যু হয়। গুরুতর আহত গাড়িচালক এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরপরই তদন্তে নামে বিশেষ তদন্তকারী দল (সিট)। এই দলে রাজ্যের এসটিএফ ও সিআইডির কর্মকর্তারাও যুক্ত রয়েছেন। তদন্তের প্রাথমিক পর্যায়ে পুলিশ জানতে পারে, হামলায় ব্যবহৃত গাড়িটি ঝাড়খণ্ড থেকে আনা হয়েছিল। পরে বালি টোলপ্লাজায় অনলাইনে টোল পরিশোধের সূত্র ধরে সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, চন্দ্রনাথকে হত্যার পরিকল্পনা অন্তত এক থেকে দেড় মাস আগে থেকেই করা হয়েছিল। পরিকল্পিত এই হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক নাকি ব্যক্তিগত কোনো বিরোধ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজ্যজুড়ে।
মন্তব্য করুন