ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটের পরিবেশ নষ্ট হওয়ার কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বিরোধী দলের পক্ষ থেকে ওঠা অভিযোগের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ডিজিটাল মনিটরিং ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি। এ সময় তাঁর সঙ্গে চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের সচিব উপস্থিত ছিলেন।
সিইসি এ এম এম নাসির উদ্দীন বলেন, ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫টি ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে আসছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।
নির্বাচন ভবন থেকে ডিজিটাল মনিটরিং ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন বাহিনীর টহল কার্যক্রম তদারকি করা হচ্ছে বলে জানান সিইসি। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সিইসি বলেন, নির্বাচন কমিশন নির্বাচনের প্রতিটি বিষয় জনগণের সামনে দৃশ্যমান রাখতে চায়। প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটের প্রতিদ্বন্দ্বিতাকে উৎসবে পরিণত করে দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে চায় নির্বাচন কমিশন।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটের পরিবেশ পর্যবেক্ষণ ও অভিযোগ যাচাইয়ের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মন্তব্য করুন