চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার (১ নভেম্বর) রাতে উপজেলার গাজীরগাছখলা গ্রামে সাইফুল ইসলাম মোল্লার বাড়ির সামনে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (২ নভেম্বর) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার পিপিয়াকান্দি গ্রামের মৃত ছামির হোসেনের ছেলে মহসিন (৩৯) এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার বাঘমারা গ্রামের শাহ জাহানের ছেলে মো. সোহেল (২৮)।
পুলিশ জানায়, পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে তিনটি কাঠের বাটযুক্ত রামদা, একটি তালা কাটার যন্ত্র, চারটি লোহার রড এবং চারটি কালো কাপড়ের মুখোশ বা মাঙ্কি ক্যাপ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এসব সরঞ্জাম ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা হয়েছিল।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় তাঁদের পলাতক সহযোগী ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টাও চলছে।
মন্তব্য করুন