ইনডিপেনডেন্ট টেলিভিশন লিমিটেডের প্রধান নির্বাহী ও সম্পাদক এম শামসুর রহমান এবং তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
দুদকের আইনজীবী তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এ বিষয়ে আদালতে আবেদন করেছিলেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানসহ অন্যদের বিরুদ্ধে প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ারহোল্ডারদের হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
এ ছাড়া অবৈধ প্রভাব খাটিয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে।
আবেদনে উল্লেখ করা হয়েছে, পরবর্তী সময়ে এম শামসুর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারসংক্রান্ত একটি অভিযোগ যুক্ত করা হয়। এ বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে তাঁর নামে থাকা ব্যাংক হিসাবগুলোর তথ্য পায় দুদক।
দুদকের আবেদনে আরও বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শামসুর রহমান ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবের অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের চেষ্টা চলছে।
এ অবস্থায় সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায়বিচারের স্বার্থে সংশ্লিষ্ট সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন বলে মনে করে দুদক। সংস্থাটির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত হিসাবগুলো অবরুদ্ধের আদেশ দেন।
মন্তব্য করুন