পোশাক শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে গাজীপুর অঞ্চলে দেড় শতাধিক গার্মেন্ট কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এসব কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
গাজীপুর শিল্প পুলিশের সুপার আমজাদ হোসেন বিকেল ৩টার দিকে জানান, আজ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হলেও আগামীকাল যথাসময়ে সেগুলো খুলবে বলে আশা করছেন তাঁরা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
এর আগে সকাল থেকেই শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। দুপুরের আগে গাজীপুর মহানগর এলাকায় বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িতে আগুন দেন। এ ছাড়া বিভিন্ন স্থানে শ্রমিকেরা সড়ক অবরোধ করে অবস্থান নেন।
আমজাদ হোসেন আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, জেলা ও মহানগর পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও কাজ করছেন।
মন্তব্য করুন