দেশে বর্তমানে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী হাজি আমিনুর রশিদ ইয়াসিন। তাঁর দাবি, বর্তমানে দেশে ১৩ লাখ ৫০ হাজার টন সার মজুদ রয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, একটি অসাধু চক্র সারের কৃত্রিম সংকট দেখানোর চেষ্টা করেছে। তবে এ ধরনের অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রী জানান, বর্তমানে দেশে পর্যাপ্ত সার মজুদ রয়েছে এবং সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
সারের ডিলারশিপ বিতরণ প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার চেষ্টা চলছে। ডিলারশিপ দেওয়ার পর ৯০ দিনের মধ্যে কোনো ধরনের অব্যবস্থাপনা পাওয়া গেলে তা পরিবর্তনের সুযোগ রয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।
আমদানিনির্ভর পণ্যের তালিকা কমে আসছে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে এমন কিছু পণ্য রয়েছে, যেগুলো প্রতিবছর আমদানি করতে হতো। তবে চলতি বছর পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এখন পর্যন্ত ওই পণ্যগুলো আমদানি করার প্রয়োজন পড়েনি বলে জানান তিনি।
মন্তব্য করুন