বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় তাঁর ঘনিষ্ঠ বন্ধু আহমেদ সাহরিয়ার রেজা দ্বীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসা থেকে তাঁকে হেফাজতে নেওয়া হয়। তাহসিফের মৃত্যুর ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নেওয়া হয়েছে বলে পিবিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার তাহসিফের বাবা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, দ্বীপ নামে তাঁর এক বন্ধু বাসায় এসে তাহসিফকে ডেকে নিয়ে যান। তখন মাকে তাহসিফ বলেছিলেন, নিচে গিয়ে বন্ধুর সঙ্গে একটু কথা বলে আসবেন। এরপর আর বাসায় ফেরেননি তিনি।
পিবিআইয়ের এক কর্মকর্তা জানান, তাহসিফের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দ্বীপকে হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল—এমন তথ্য পাওয়া গেছে।
তাহসিফ ও দ্বীপ কোথায় কোথায় গিয়েছিলেন, সে বিষয়ে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।
নিখোঁজ হওয়ার এক দিন পর বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ঢাকার তুরাগ নদ থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। তিনি বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশ করেছিলেন তাহসিফ সাউরি—এমন তথ্য ছড়িয়ে পড়ার পর তিনি আলোচনায় আসেন। তবে ওই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
তাহসিফের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। তাঁর মৃত্যুর কারণ এবং ঘটনার সঙ্গে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে জানা যাবে।
মন্তব্য করুন