রাজধানীর ধানমন্ডি ১০/এ সড়কের একটি আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দপ্তর আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডির ওই আবাসিক ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে বিকেল ৩টা ৪২ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।
পাঁচটি ইউনিটের টানা প্রচেষ্টায় বিকেল ৪টা ১৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
অগ্নিনির্বাপণ কাজে সহায়তার জন্য পলাশী ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়েছিল। তবে আগুন নিয়ন্ত্রণে চলে আসায় ইউনিট দুটি পথ থেকেই ফিরিয়ে নেওয়া হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং আগুনের সূত্রপাত কীভাবে, তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন