ইয়েমেনের তাইজ প্রদেশের আল-ওয়াজিয়াহ মার্কেটে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় অন্তত ৩০ জন হতাহত হয়েছেন। তবে নিহত ও আহতের সংখ্যা আলাদাভাবে এখনো জানা যায়নি। শুক্রবার হুথি সংশ্লিষ্ট সংবাদমাধ্যম আল-মাসিরাহ টিভি এ তথ্য প্রকাশ করেছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, হতাহতের এই সংখ্যা প্রাথমিকভাবে পাওয়া গেছে। মার্কেটটিতে এখনো উদ্ধার অভিযান চলছে। ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের উদ্ধারের কাজ শেষ না হওয়ায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আল-মাসিরাহর প্রতিবেদনে আরও বলা হয়, উদ্ধার অভিযান চলার সময়ও ঘটনাস্থলের আকাশে যুদ্ধবিমান চক্কর দিচ্ছিল।
তাইজের পাশাপাশি ইয়েমেনের রাজধানী সানার হামদান এলাকাতেও ব্যাপক বিমান হামলার খবর জানিয়েছে আল-মাসিরাহ। সংবাদমাধ্যমটির দাবি, ওই এলাকায় দুটি কূপ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। একই সময়ে সা’দা প্রদেশের মাজ জেলাতেও বিমান হামলার ঘটনা ঘটেছে।
এ ছাড়া সৌদি আরবের সীমান্তসংলগ্ন সা’দা প্রদেশের অন্যান্য জেলায় কামানের গোলা ও রকেট নিক্ষেপ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিচ্ছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। অন্যদিকে, ইরানপন্থি হুথি বিদ্রোহীদের সঙ্গে জোটের সংঘাত সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে।
এর আগে বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথি বিদ্রোহীরা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, শুক্রবার পবিত্র মক্কা অঞ্চলে একটি ড্রোন ভূপাতিত করার তথ্য জানিয়েছেন সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি।
মন্তব্য করুন