তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষ অর্থায়ন কর্মসূচি ‘উদ্যোগ’-এর আওতায় ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। বিকাশসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার এমন অপচেষ্টা থেকে সতর্ক থাকতে সবাইকে আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে এ বিষয়ে সতর্কবার্তা দেয় বাংলাদেশ ব্যাংক। এতে জানানো হয়, সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের নজরে এসেছে, ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় ঋণ নিশ্চিত করে দেওয়ার কথা বলে কিছু ব্যক্তি বিভিন্ন মাধ্যমে টাকা দাবি করছে। এসব প্রতারক বিকাশসহ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এবং অন্যান্য আর্থিক লেনদেনের মাধ্যম ব্যবহার করছে।
বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে, ‘উদ্যোগ’ কর্মসূচির সব কার্যক্রম স্বচ্ছতা, নিরপেক্ষতা ও নির্ধারিত নিয়ম অনুসরণ করে পরিচালিত হচ্ছে। তাই এ কর্মসূচিতে ঋণ পাওয়ার নিশ্চয়তা দেওয়ার নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে টাকা না দেওয়ার জন্য আবেদনকারীদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, ‘উদ্যোগ’ নামে বাংলাদেশ ব্যাংকের কোনো আনুষ্ঠানিক ফেসবুক পেজ বা অন্য সামাজিক যোগাযোগমাধ্যমে অফিসিয়াল অ্যাকাউন্ট নেই। এ নাম ব্যবহার করে ভুয়া পেজ বা অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো কিংবা প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো প্রলোভনমূলক বিজ্ঞাপন বা বার্তায় বিভ্রান্ত না হওয়ার পাশাপাশি আর্থিক লেনদেনের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এদিকে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা এবং দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে ‘উদ্যোগ’ কর্মসূচির পরিধি বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর অংশ হিসেবে দেশের অবশিষ্ট ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া এ আবেদন কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
এই কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা আর্থিক সহায়তা পেতে পারেন। এর মধ্যে ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণ ও অনুদানের অর্থ একসঙ্গে এককালীন বিতরণের পরিকল্পনা রয়েছে। অনুদানের অর্থের জোগান দেওয়া হবে বাণিজ্যিক ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর তহবিল থেকে।
আগ্রহী তরুণ উদ্যোক্তাদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে। আবেদন ফরম সংগ্রহ করা যাবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে।
এর আগে পরীক্ষামূলকভাবে দেশের আট জেলার ৬৪টি উপজেলা থেকে আবেদন গ্রহণ করেছিল বাংলাদেশ ব্যাংক। গত ১৬ সেপ্টেম্বর শুরু হওয়া ওই কার্যক্রম শেষ হয় ১৫ অক্টোবর। এই পর্যায়ে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়ে। পরীক্ষামূলক কার্যক্রমে ব্যাপক সাড়া পাওয়ার পর এবার দেশের আরও ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের জন্য কর্মসূচির আওতা সম্প্রসারণ করা হয়েছে।
মন্তব্য করুন