ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ পরিচালিত এক্সিকিউটিভ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ইএমবিএ) প্রোগ্রামের দশম ব্যাচে, জানুয়ারি ২০২৭ ইনটেকে ভর্তির আবেদন শুরু হয়েছে। করপোরেট পেশাজীবীদের চাহিদা ও আধুনিক ব্যবসায়িক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রোগ্রামটি ৪৮ ক্রেডিটে পুনর্বিন্যাস ও আধুনিকায়ন করা হয়েছে।
এ প্রোগ্রামে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, সার্ভিস ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম, ইন্টারন্যাশনাল বিজনেস এবং স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপের মতো বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমোদিত প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।
আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম সিজিপিএ ৪.০০-এর স্কেলে ২.৫০ অথবা দ্বিতীয় শ্রেণি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে চাকরির অভিজ্ঞতা রয়েছে—এমন প্রার্থীদের ভর্তির প্রক্রিয়ায় বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইমুম হোসেন, সিএফএ বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক করপোরেট বিশ্বে নেতৃত্বস্থানীয় অবস্থানে থাকতে শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি যথেষ্ট নয়। ক্যারিয়ারে অগ্রগতি এবং পরিবর্তনশীল বৈশ্বিক বাজারের সঙ্গে তাল মেলাতে আগ্রহী পেশাজীবীদের জন্য এ প্রোগ্রামটি তৈরি করা হয়েছে।
তাঁর মতে, বাস্তবমুখী পাঠ্যক্রম ও পেশাজীবীদের সঙ্গে নেটওয়ার্কিংয়ের সুযোগ এ ডিগ্রির গুরুত্বপূর্ণ দিক। অর্জিত জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতা কর্মক্ষেত্রে প্রয়োগ করে জটিল ব্যবসায়িক সমস্যার কৌশলগত সমাধান তৈরির সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
প্রোগ্রামটিতে আধুনিক ফাইন্যান্সিয়াল মডেলিং, করপোরেট স্ট্র্যাটেজি, ডেটাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, নেতৃত্ব, সমস্যা সমাধান, মার্কেটিং অ্যানালিটিকস ও ফিনটেকের মতো সমসাময়িক বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
প্রচলিত তাত্ত্বিক আলোচনার পাশাপাশি আন্তর্জাতিক ও স্থানীয় কেস স্টাডি, রিয়েল-টাইম সিমুলেশন, দলীয় প্রকল্প এবং উপস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে।
এ প্রোগ্রামে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানি, ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠানের অভিজ্ঞ পেশাজীবীদের সহপাঠী হিসেবে পাওয়ার সুযোগ থাকবে। ফলে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের আলোচনায় নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি শিল্পখাতের বাস্তব সমস্যা ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন।
অনলাইনে আবেদনের শেষ সময় ৯ নভেম্বর। আগ্রহী প্রার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ৯ নভেম্বর ২০২৬
মোট আবেদন ফি: ২,৫০০ টাকা, অনলাইন প্রসেসিং ফিসহ
ফি পরিশোধ: বিকাশ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে
প্রবেশপত্র ডাউনলোড: ১০ থেকে ১২ নভেম্বর
ভর্তি পরীক্ষা: ১৩ নভেম্বর সকাল ১০টা
আবেদন ও ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন: https://fbs.du.ac.bd/emba-admission
নির্ধারিত সময়ের পর আবেদন গ্রহণ করা হবে না বলে অনুষদ সূত্রে জানানো হয়েছে। তাই আগ্রহী প্রার্থীদের সময়সীমার মধ্যে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন