প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে কারিগরি ত্রুটির কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) গঠিত এই কমিটিকে চার কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) এয়ার কমোডর এম নিয়ামুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে বিমানের চিফ (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং) কর্মকর্তাকে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপক (আইনবিষয়ক)।
কমিটির অন্য দুই সদস্য হলেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন) এবং ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি)। প্রয়োজনে বিমানের যেকোনো কর্মকর্তাকে কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে।
বিজি ৩৭৭ ফ্লাইটে দেখা দেওয়া কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন অনুসন্ধান করবে তদন্ত কমিটি। একই সঙ্গে ত্রুটি শনাক্ত ও নিরসনের ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং উড়োজাহাজটির উড্ডয়ন উপযোগিতা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তা পর্যালোচনা করা হবে।
কারিগরি ত্রুটির কারণে ফ্লাইট বিলম্ব, যাত্রীদের ভোগান্তি এবং বিমানের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর কী প্রভাব পড়েছে, সেটিও তদন্তের আওতায় থাকবে।
এ ছাড়া ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব ও কর্তব্য পর্যালোচনা করবে কমিটি। কোনো পর্যায়ে দায়িত্বে অবহেলা, সমন্বয়হীনতা কিংবা প্রক্রিয়াগত ত্রুটি ছিল কি না, তা যাচাই করে দায়দায়িত্ব নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্তের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশও দেবে কমিটি। চার কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
চার দিনের জাপান সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা ছিল। তবে উড়োজাহাজে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় নির্ধারিত সময়ে ফ্লাইটটি ছাড়তে পারেনি।
প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর স্থানীয় সময় রাত ১১টার দিকে বিজি ৩৭৭ ফ্লাইটটি টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। পরে দিবাগত রাত পৌনে তিনটার দিকে উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
মন্তব্য করুন