ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:১৩ এএম
অনলাইন সংস্করণ

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপের আগে শক্তির বার্তা আলজেরিয়ার

সংগৃহীত

বিশ্বকাপের আগে নিজেদের সামর্থ্যের শক্তিশালী প্রমাণ দিল আলজেরিয়া। প্রস্তুতি ম্যাচে ইউরোপের শক্তিশালী দল নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থায় বিশ্বকাপ মঞ্চে পা রাখার বার্তা দিয়েছে আফ্রিকার প্রতিনিধিরা। এই জয়ের প্রভাব সবচেয়ে বেশি অনুভব করতে পারে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, কারণ টুর্নামেন্টে তাদের প্রথম প্রতিপক্ষই আলজেরিয়া।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দুই দলই একাধিক আক্রমণ গড়ে তুললেও দীর্ঘ সময় গোলের দেখা পায়নি কেউ। শেষ পর্যন্ত ম্যাচের ৮৬তম মিনিটে আলজেরিয়ার জয়ের নায়ক হয়ে ওঠেন আনিস হাজ মুসা। ডান প্রান্ত থেকে বল নিয়ে বক্সের ভেতরে ঢুকে দূরের কোনায় দুর্দান্ত শটে জাল খুঁজে নেন ২৪ বছর বয়সী এই উইঙ্গার। আন্তর্জাতিক ফুটবলে এটিই ছিল তার প্রথম গোল, যা দলকে এনে দেয় স্মরণীয় এক জয়।

ক্লাব ফুটবলে ডাচ ক্লাব ফাইনর্টের হয়ে খেলা হাজ মুসা যেন নিজের পরিচিত পরিবেশেই প্রতিপক্ষকে শাস্তি দিলেন। তার নির্ভুল ফিনিশিং ম্যাচের ভাগ্য গড়ে দেয় শেষ মুহূর্তে।

আলজেরিয়ার জয়ে বড় অবদান রেখেছেন গোলরক্ষক লুকা জিদানও। কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে ম্যাচজুড়ে অসাধারণ দৃঢ়তা দেখিয়েছেন। নেদারল্যান্ডসের নেওয়া ১৪টি শটের মধ্যে লক্ষ্যে থাকা ৫টি প্রচেষ্টাই রুখে দেন তিনি। তার দুর্দান্ত সেভগুলো আলজেরিয়াকে ম্যাচে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মুখে আঘাতের কারণে মাস্ক পরে খেলতে নামা লুকা জিদান নিজের পারফরম্যান্স দিয়ে বিশ্বকাপের আগে প্রথম পছন্দের গোলরক্ষক হওয়ার দাবিও আরও জোরালো করেছেন। দীর্ঘদিন ধরে আলজেরিয়ার গোলপোস্টে প্রতিদ্বন্দ্বিতা চললেও এই ম্যাচের পর কোচের আস্থা তার দিকেই ঝুঁকতে পারে।

ম্যাচের প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল নেদারল্যান্ডস। তবে বিরতির পর ছন্দ বদলে যায়। দ্বিতীয়ার্ধে আরও সংগঠিত ও আত্মবিশ্বাসী ফুটবল উপহার দেয় আলজেরিয়া। বিপুলসংখ্যক সমর্থকের উৎসাহে উজ্জীবিত হয়ে তারা শেষ পর্যন্ত প্রাপ্য জয়ই তুলে নেয়।

বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে আর্জেন্টিনা আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। একই গ্রুপে রয়েছে অস্ট্রিয়া ও জর্দান। ফলে গ্রুপপর্বের শুরুতেই কঠিন পরীক্ষার মুখোমুখি হতে পারে লিওনেল মেসিদের দল।

অন্যদিকে বিশ্বকাপের আগে এই হার নেদারল্যান্ডস শিবিরে কিছুটা হতাশা তৈরি করেছে। যদিও কোচ বেশ কয়েকজন ফুটবলারকে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ দিয়েছেন, তারপরও ফলাফল সন্তোষজনক নয় বলে মনে করছেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক।

ম্যাচ শেষে ফন ডাইক বলেন, দেশের মাটিতে বিদায়ী ম্যাচে এমন পারফরম্যান্স প্রত্যাশিত ছিল না। তার মতে, নেদারল্যান্ডসের অন্তত দুই গোলের ব্যবধানে এগিয়ে থাকা উচিত ছিল। তবে তিনি আশা প্রকাশ করেন, বিশ্বকাপ শুরুর আগেই দল গোল করার ধার ফিরে পাবে এবং সুযোগগুলো আরও কার্যকরভাবে কাজে লাগাতে সক্ষম হবে।

বিশ্বকাপের আগে নেদারল্যান্ডস আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে উজবেকিস্তানের বিপক্ষে। এরপর ১৪ জুন জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। অন্যদিকে আলজেরিয়া বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আগামী বুধবার বলিভিয়ার মুখোমুখি হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদো ও মেসির ১০০০ গোলের লড়াই

1

ছেলে থিয়াগো মেসির বার্সা যুব একাডেমিতে যোগ দেওয়ার বিষয়ে যা ব

2

তারুণ্যের ভিড়ে বিশ্বকাপে নজর কাড়বেন ৮ ‘বয়স্ক’ ফুটবলার

3

এসএসসি-২০২৬ খাতা মূল্যায়নে পরীক্ষকদের অনাগ্রহ

4

যানজট নিয়ন্ত্রণে ঈদে ঢাকা-টাঙ্গাইল রুটে প্রশাসনের বিশেষ পরিক

5

২৪ ম্যাচে ২৭ ফ্লাইট, ইনফান্তিনোর সফর ঘিরে প্রশ্ন

6

হাসপাতালে অসুস্থ বাবা, জমির দলিলে সই নেওয়ার চেষ্টা মেয়ের

7

সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা দেওয়ান শামসুল আবেদীন আর নেই

8

আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি: ব্রাজিল গোলরক্ষক

9

মন্তেশ্বরে বড় ব্যবধানে হারলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী

10

বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তির পথে বাংলাদেশ

11

দুবাইয়ের গালা ইভেন্ট মাতাবেন নুসরাত ফারিয়া

12

কাতার বিশ্বকাপের আক্ষেপ ভুলে নতুন মিশনে লাওতারো মার্তিনেজ

13

মেসির সম্মানে ১০ মিনিটে থমকে যাবে সব খেলা, চলবে করতালি

14

পবিত্র হজ আজ, ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাত

15

আর্জেন্টিনার হয়ে শেষ দিনটি আমার ক্যারিয়ারের সবচেয়ে দুঃখের দি

16

সংসদ সদস্যদের খেলাপি ঋণ ৩,৩৩০ কোটি টাকা

17

বেনজীরের জামিন বাতিলে ল ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রম

18

গাজায় প্রতিদিন গড়ে ৪৭ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ

19

পরীমনির কোলে সদ্যোজাত শিশু, কে এই তিন নম্বর শিশু?

20