বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ সময় তাঁর পকেটে একটি আইফোন ও হাতে একটি হাতঘড়ি পাওয়া যায়। মোবাইল ফোনের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।
নৌ পুলিশের কন্ট্রোল রুমে দায়িত্বরত কনস্টেবল রাকিব গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নৌ পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে তুরাগ নদীতে একটি মরদেহ ভাসতে থাকার খবর পাওয়া যায়। খবর পেয়ে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
উদ্ধারের সময় মরদেহটির পরিচয় জানা যায়নি। পুলিশের সুরতহাল প্রতিবেদনে মৃত ব্যক্তির বয়স আনুমানিক ২৮ বছর উল্লেখ করা হয়। তাঁর পরনে ছিল সাদা পাজামা ও কালো জামা। মুখে হালকা দাড়ি ছিল।
নৌ পুলিশের বার্তায় বলা হয়েছে, মরদেহটির পকেটে একটি আইফোন এবং হাতে একটি হাতঘড়ি পাওয়া যায়। আইফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করার পর জানা যায়, মৃত ব্যক্তি বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরি।
পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
প্রাথমিকভাবে পানিতে ডুবে তাহসিফ সৌরির মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কী পরিস্থিতিতে তিনি তুরাগ নদীতে গেলেন এবং কীভাবে তাঁর মৃত্যু হলো, সে বিষয়ে বিস্তারিত তথ্যও এখনো জানা যায়নি।
মন্তব্য করুন