নরসিংদী জেলা ছাত্রদলের নবঘোষিত পূর্ণাঙ্গ কমিটিকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। কমিটিতে ২ নম্বর সহ-সভাপতি হিসেবে স্থান পাওয়া সজীব পাল জুম্মন-এর নাম ঘোষণার পর তার স্ত্রীর একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
গত ১ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত কমিটিতে নরসিংদী জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়। সেখানে সজীব পাল জুম্মনের নাম ২ নম্বর সহ-সভাপতি হিসেবে অন্তর্ভুক্ত হয়।
কমিটি ঘোষণার পর তার স্ত্রী স্বামীর ছবি ও কমিটির তালিকা যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট দেন। সেখানে তিনি স্বামীকে অভিনন্দন জানিয়ে লেখেন, “প্রাণঢালা অভিনন্দন জামাই, নরসিংদী জেলা ছাত্রদলের ২ নম্বর সহ-সভাপতি।”
এই পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে গেলে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই সমালোচনা করে বলেন, ছাত্রদলের সাংগঠনিক নীতিমালায় বিবাহিতদের পদ পাওয়ার বিষয়ে সীমাবদ্ধতা থাকলেও এই কমিটিতে তা উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ উঠছে।
এ ঘটনার সূত্র ধরে কমিটিতে স্থান না পাওয়া এবং পদবঞ্চিত নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, ত্যাগী ও মাঠপর্যায়ের কর্মীদের বাদ দিয়ে প্রবাসে থাকা এবং কম সক্রিয় ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সংগঠনের নীতির পরিপন্থী।
নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাঈনউদ্দিন ভূঁইয়া বলেন, আন্দোলনের সময় মাঠে থাকা ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন হয়নি। বরং দীর্ঘদিন বিদেশে থাকা এবং সক্রিয় রাজনীতিতে অনুপস্থিত ব্যক্তিদের পদ দেওয়া হয়েছে, যা অত্যন্ত হতাশাজনক।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে এখনো আলোচনা ও সমালোচনা অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন