মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ইতালি প্রবাসী মোটরসাইকেল চালক তানভীর হাওলাদার (২৫) ও শুকুরজান বিবি (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) রাতে মাদারীপুর সদর ও শিবচর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। নিহত তানভীরের বিয়ের মাত্র ১৫ দিন হয়েছিল।
তানভীর হাওলাদার মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের খামারবাড়ি এলাকার দেলোয়ার হাওলাদারের ছেলে। অন্যদিকে, শুকুরজান বিবি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মজিদ ফকিরের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন তানভীর। এ সময় একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর সড়কে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। মাত্র ১৫ দিন আগে বিয়ে করেছিলেন তানভীর।
অন্যদিকে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কুতুবপুর সীমানা এলাকায় অজ্ঞাত একটি গাড়ির চাপায় শুকুরজান বিবি নিহত হন।
দুর্ঘটনার পর তাঁকে চাপা দেওয়া গাড়িটির পরিচয় জানা যায়নি। এ ঘটনায় বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম চলছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন