দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৫৩৯ দশমিক ০৮ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলার।
শুক্রবার (২২ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২১ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ এই অবস্থানে পৌঁছেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৭৯ দশমিক ৫০ মিলিয়ন ডলার।
এর আগের দিন অর্থাৎ ২০ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪ হাজার ৩৭৬ দশমিক ৫৩ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে তা ছিল ২৯ হাজার ৭১৯ দশমিক ৪৪ মিলিয়ন ডলার।
বিশেষজ্ঞদের মতে, রিজার্ভের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক লেনদেন ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী নিট রিজার্ভ হিসাব করা হয়, যেখানে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দেওয়া হয়। ফলে এটি দেশের প্রকৃত বৈদেশিক সক্ষমতার একটি বাস্তব চিত্র তুলে ধরে।
মন্তব্য করুন