পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনা পাতিল বিলে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় কয়েকটি গ্রামের মানুষ একসঙ্গে বিলে মাছ ধরতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনা পাতিল বিলে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত শুরু হয়। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয় এবং আরও তিনজন আহত হন।
মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমেদ বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের শরীর মারাত্মকভাবে ঝলসে যাওয়ায় তাৎক্ষণিকভাবে সবার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকাজ পরিচালনার পাশাপাশি নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
এদিকে, এ ঘটনায় মালঞ্চি ইউনিয়নসহ আশপাশের এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
মন্তব্য করুন